সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার সাদ্দাম গ্রেপ্তার

সোনারগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার সাদ্দাম গ্রেপ্তার

মো. মোকতার হোসেন, সোনারগাঁও: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও কুখ্যাত সর্দার সাদ্দামকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের কাফরদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম দীর্ঘ দিন ধরে নিজস্ব বাহিনী গড়ে তুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই এবং স্থানীয় মিল-কারখানায় চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন থানায় মোট ৩৪টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কাফরদি এলাকায় অবস্থান নিয়ে সাদ্দামকে আটক করতে সক্ষম হয়।

সাদ্দামের গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, তার বাহিনীর অন্যান্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সাদ্দামকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন