রাজশাহী-২ আসন: স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে ডা. জাহাঙ্গীরের মহাপরিকল্পনা

রাজশাহী-২ আসন: স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে ডা. জাহাঙ্গীরের মহাপরিকল্পনা

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসক সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজশাহীর স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন ও বেকারত্ব দূরীকরণে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন।

ডা. জাহাঙ্গীর জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান শয্যা সংকট নিরসনে তিনি ১২০০ বেডকে ৩ হাজারে উন্নীত করার উদ্যোগ নেবেন। তিনি বলেন, “বর্তমানে ৩ হাজার রোগী থাকলেও বেড স্বল্পতায় অনেককে মেঝেতে থাকতে হয়। আমরা ক্ষমতায় এলে পর্যাপ্ত ওষুধ ও মানসম্মত পথ্য নিশ্চিত করব”। এছাড়া তিনি আল-আমিন হোস্টেলের সামনের ৯ বিঘা জমিতে একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল প্রতিষ্ঠা এবং রামেক-এর ডেন্টাল ইউনিটকে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজশাহীকে প্রকৃত অর্থেই ‘সিল্ক সিটি’ ও ‘ম্যাঙ্গো সিটি’ হিসেবে গড়ে তুলতে ডা. জাহাঙ্গীর এখানে দ্রুত ইপিজেড (EPZ) প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প (Agro-based Industry) গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, এতে একদিকে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে হাজারো তরুণের কর্মসংস্থান হবে। পাশাপাশি বন্ধ থাকা রেশম শিল্প ও বিসিককে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও তাঁর রয়েছে।

পদ্মা নদীর পানিকে পরিকল্পিতভাবে সেচ কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী। তিনি বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান।

জুলাই বিপ্লবের চেতনায় ক্ষমতার ভারসাম্য ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, “দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরতে না পারে, সেজন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করছি”। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে একটি সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন অভিজ্ঞ চিকিৎসক ও সমাজসেবী হিসেবে ডা. জাহাঙ্গীরের অংশগ্রহণ এই আসনে নতুন নির্বাচনী সমীকরণ তৈরি করেছে।

মন্তব্য করুন