ফরিদপুরে বিএনপির মহাসমাবেশে জনজোয়ার

ফরিদপুরে বিএনপির মহাসমাবেশে জনজোয়ার

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরে এক অভূতপূর্ব রাজনৈতিক আবহ তৈরি হয়। সকাল থেকেই ফরিদপুর-১, ২, ৩ ও ৪ আসনের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মিছিল জনসভাস্থলে জড়ো হতে থাকে। দুপুর গড়ানোর আগেই রাজেন্দ্র কলেজ মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও তিল ধারণের জায়গা ছিল না। ২০ বছরেরও বেশি সময় পর দলীয় প্রধানের ফরিদপুর আগমনে নেতাকর্মীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

জনসভায় তারেক রহমান বলেন, “এই বিশাল জনসমুদ্রই প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল এবং শেষ পর্যন্ত থাকবে।” তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। বক্তব্যে তিনি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রে মেধার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বৃহত্তর ফরিদপুরের আওতাধীন জেলাগুলোর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থেকে তাদের সংহতি প্রকাশ করেন। প্রার্থীরা জানান, তারা জোটবদ্ধভাবে এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে লড়াই করবেন। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরিদপুরের এই মহাসমাবেশ আসন্ন নির্বাচনে বিএনপির জন্য একটি বড় ধরনের শক্তিমত্তা প্রদর্শন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই জনসভা বৃহত্তর ফরিদপুরের প্রতিটি আসনে বিএনপির জনভিত্তিকে আরও সুসংহত করবে এবং নেতা-কর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন