ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ইমরান হোসেন, রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ান নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) তিনি বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং একাধিক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
এদিন সকালে তিনি সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার থেকে প্রচারণা শুরু করেন এবং পর্যায়ক্রমে করেঙ্গাতলী বাজার, রূপকারী ও তুলাবান এলাকা প্রদক্ষিণ করেন। বিকেলে বাঘাইছড়ি উপজেলা সদর চৌমুহনী চত্বরে এক বিশাল পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন। এর আগে মঙ্গলবারও তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ চালিয়েছেন।
পথসভাগুলোতে এডভোকেট দিপেন দেওয়ান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনকালের নারী উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং রাঙ্গামাটিতে সরকারি চাকরিতে ঘুষ-দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে”। এ সময় তিনি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
কর্মসূচিতে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ দলের ৮ দফা কর্মসূচি তুলে ধরে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কৃষিখাত আধুনিকায়নের পরিকল্পনা ব্যাখ্যা করেন। গণসংযোগকালে প্রার্থীর সাথে কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ