ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে 'কোদাল' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো. শিমুল। রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শিমুল মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিম পাড়া এলাকার শেখ মো. সামছুদ্দিনের ছেলে।
নব্বইয়ের দশকে ছাত্রমৈত্রীর মাধ্যমে রাজনীতি শুরু করা শেখ মো. শিমুল ছাত্রমৈত্রীর জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে তিনি বাম ১১ দলীয় জোটের বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং বর্তমানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির মাধ্যমে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। ১৯৯৫ সালে সাংবাদিকতা শুরু করে তিনি বৈশাখী টেলিভিশন, সিএসবি নিউজ ও দৈনিক মানবকণ্ঠসহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আরটিভি এবং দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
নির্বাচনে জয়ী হলে মুন্সীগঞ্জকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার একগুচ্ছ অঙ্গীকার করেছেন শেখ মো. শিমুল। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ থেকে ঢাকা যাতায়াতের জন্য মেট্রোরেল নির্মাণ এবং গজারিয়ার সাথে সরাসরি সড়ক সংযোগের লক্ষ্যে মেঘনা নদীতে সেতু নির্মাণ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে তিনি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানিয়েছেন।
এছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আপসহীন লড়াই, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের পরিবারের সম্পত্তি রক্ষা ও হয়রানি বন্ধে বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শেখ মো. শিমুল জানান, তার মূল লক্ষ্য হলো রাজনৈতিক দমন-পীড়নমুক্ত একটি মানবিক সমাজ গঠন এবং সাধারণ মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ