গজারিয়ায় কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

গজারিয়ায় কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রামে একটি কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র, লোহার রড ও চকলেট বোমা উদ্ধার করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশিতে আস্তানা থেকে ১৬টি ধারালো দেশিয় অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই টের পেয়ে সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এসব দেশিয় অস্ত্র প্রদর্শন করে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে।

সেনা ক্যাম্পের অপারেশন অফিসার সংবাদ মাধ্যমকে জানান, এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “সেনাবাহিনী উদ্ধারকৃত সরঞ্জাম থানায় হস্তান্তর করার পর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

মন্তব্য করুন