ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) বারমারী বিওপির একটি দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযানে নামে। দলটি ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী এলাকায় সীমান্ত মেইন পিলার ১১৬৩/৩-এস হতে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সেখান থেকেই পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে ২৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৪৮ বোতল ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ রয়েছে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে।
৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ