ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনী-২ (সদর) আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলীয় প্রতীক ‘ঈগল’ বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক তার হাতে এই প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের পর মজিবুর রহমান মঞ্জু তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও জোটের অন্যতম শক্তি জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেন।
প্রতীক গ্রহণকালে মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। উল্লেখ্য, এই আসনে জামায়াতের পক্ষ থেকে লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়ন জমা দিলেও জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি মঞ্জুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, সদস্য সচিব ফজলুল হক এবং এনসিপি ও খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দ।
প্রতীক বুঝে নিয়ে মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, “ফেনীর মানুষ পরিবর্তন চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।” ত্যাগের মহিমায় তাকে সমর্থন দেওয়ায় অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মঞ্জু তাকে নিজের ‘রাজনৈতিক গুরু’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, লিয়াকত আলীর এই ত্যাগ ফেনীবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং জোটের শৃঙ্খলা রক্ষায় আমি নিজেকে সরিয়ে নিয়েছি। মজিবুর রহমান মঞ্জু এখন আমারই প্রার্থী। তাকে বিজয়ী করতে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মী সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করবে।”
প্রতীক বরাদ্দ শেষে মঞ্জু ফেনী-৩ আসনের জোট প্রার্থী ফখরুদ্দিন মানিক ও নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ শিহাবের কবর জিয়ারত করেন। এর আগে সকালে ঢাকা থেকে ফেনী পৌঁছে তিনি সরাসরি অধ্যাপক লিয়াকত আলীর বাসভবনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় ও দোয়া গ্রহণ করেন। গত ২৯ ডিসেম্বর ১০ দলের একক প্রার্থী হিসেবে তিনি এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ