ঘোড়াঘাটে ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশ

ঘোড়াঘাটে ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশ

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসন থেকে ১১-দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামের সমর্থনে ঘোড়াঘাটে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর এলাকায় এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৬টায় ঘোড়াঘাট পৌরসভার চারমাথা মোড় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়। জামায়াত ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কালীতলা শহীদ মিনার ও থানার সামনে দিয়ে গিয়ে গাইবান্ধা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক ও ঘোড়াঘাট উপজেলা পৌর সভাপতি আব্দুল মান্নান সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি মোফাজ্জল হোসেন মিঠু এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেদুল ইসলাম রাসেদ।

বক্তারা বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সৎ নেতৃত্বের প্রতীক। দেশের মানুষ দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি চায়। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।” তারা নির্বাচনী প্রচারণায় জোটবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এস.আই/সকালবেলা

মন্তব্য করুন