নৈতিক নেতৃত্ব ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়: চরমোনাই পীর

নৈতিক নেতৃত্ব ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়: চরমোনাই পীর

নাহিদ জামান, মাদারীপুর: আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শকুনী লেকের মুক্তমঞ্চে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল উন্নয়ন ও ডিজিটাল রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। নৈতিক নেতৃত্ব ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এদেশকে প্রকৃত অর্থেই সোনার বাংলায় রূপান্তর করা হবে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, যা আজও অধরা। তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।

মাদারীপুর-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী বলেন, “আমার রক্তে রাজনীতি। জুলাই গণ-অভ্যুত্থানে মাদারীপুরের ২২ জন প্রাণ দিলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই সমাজকে পরিবর্তন করতে হলে নীতিভিত্তিক রাজনীতির ধারক ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে।”

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীর বিশেষ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের হাতপাখার প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হক ও মাওলানা আকরাম হোসাইনসহ জেলা-উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থলটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

এন.জে/সকালবেলা

মন্তব্য করুন