ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশের একাধিক ব্যারিকেড, জলকামান ও সাউন্ড গ্রেনেডের বাধা উপেক্ষা করে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশমুখে বসে পড়েন।
শুক্রবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার সরকারি কর্মচারী জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। সেখান থেকে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হন। মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ প্রথম দফায় জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে কর্মচারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান।
বিক্ষুব্ধ কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের দেওয়া শক্ত ব্যারিকেড ভেঙে ফেলেন এবং সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গিয়ে রাস্তায় বসে পড়েন। এসময় তারা দ্রুত ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এমন নজিরবিহীন অবস্থানে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
যমুনার সামনে প্রায় ১০ মিনিট অবস্থানের পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়। আন্দোলনকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। তীব্র শব্দের সাউন্ড গ্রেনেড ও পানির ঝাপ্টার মুখে ১০ মিনিটের মাথায় কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পে স্কেলের গেজেট না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। অন্যদিকে, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যানচলাচল সীমিত রাখা হয়েছে।
এস.বি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ