সৌদিতে চালু হলো ‘উট পাসপোর্ট’ প্রকল্প

সৌদিতে চালু হলো ‘উট পাসপোর্ট’ প্রকল্প

সৌদি আরব প্রথমবারের মতো ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু করেছে, যার লক্ষ্য হলো উট পালন ও বিপণন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা এবং আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা।

পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। নতুন পাসপোর্টে প্রতিটি উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রঙ, জন্মস্থানসহ বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকবে। এছাড়া সঠিক শনাক্তকরণের জন্য থাকবে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর এবং উটের দুই পাশের ছবি।

পাসপোর্টে নির্দিষ্ট ভেটেরিনারি টিকাদান সূচিও অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পশু চিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ সব ধরনের টিকাদানের তথ্য থাকবে।

মন্ত্রণালয় জানায়, এই পাসপোর্ট ব্যবস্থার মাধ্যমে উটের কেনাবেচা, পরিবহণ এবং সরকারি নথিপত্র ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে। ২০২৫ সালের জুন পর্যন্ত দেশটিতে মোট উটের সংখ্যা ছিল ২২ লাখ ৩৫ হাজার ২৯৭। ডিজিটাল ডাটাবেজভিত্তিক এই পাসপোর্ট ব্যবস্থা এই বিশাল প্রাণিসম্পদকে আধুনিক ও সমন্বিত কাঠামোয় আনার উদ্দেশ্যে চালু করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন