ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির পূর্বনির্ধারিত বিশাল নির্বাচনী সমাবেশটি বাতিল করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানান, সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বা সরাসরি নির্বাচনী বক্তব্য প্রদান করতে পারেন। তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করতেই কেন্দ্রীয় এই সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিনের সংবাদ সম্মেলনটি আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। জিতুর সঙ্গে জাকসু ও বিভিন্ন হল সংসদের নবনির্বাচিত একদল ছাত্রনেতাও বিএনপি এবং ছাত্রদলে যোগ দেন। রুহুল কবির রিজভী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আল-জাজিরায় দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি শুধু ধর্মনিরপেক্ষতায় নয়, বরং সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এস.বি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ