বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওয়াফিক শিপলু, বগুড়া: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়।

শহরের সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক জলেশ্বরীতলা হয়ে সাতমাথায় গিয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, "ছাত্রশিবির ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখতে হবে।" তিনি আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসাইন বলেন, "শত জুলুম-নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবে না। শাহাদাতের রক্তে এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী।" তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দসহ স্থানীয় জামায়াত ও শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ ছাত্র ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ডব্লিউ.এস/সকালবেলা

মন্তব্য করুন