নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহারে যা আছে

নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহারে যা আছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত আধুনিক ঢাকা-০৮ গড়ার প্রত্যয় নিয়ে ৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার তুলে ধরেন। ইশতেহারে তিনি নির্বাচিত হলে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি বিষয়টিকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী ঢাকা-০৮ এলাকাকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং নাগরিকদের গোপনীয় অভিযোগ নেওয়ার জন্য ‘chandabaaj.com’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর প্রতিশ্রুতি দেন। জনস্বাস্থ্য নিশ্চিত করতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি চিকিৎসাকেন্দ্রকে দালালমুক্ত করা এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মানসম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকার করেন। শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে মেধাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা, র‍্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি নির্মূল এবং তরুণদের জন্য বিশেষ স্টার্টআপ ফান্ড গঠনের কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

নাগরিক দুর্ভোগ লাঘবে নাসীরুদ্দীন পাটোয়ারী যানজট নিরসনে স্কুল ও অফিসের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দেন এবং ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট জনভোগান্তি দূর করার প্রতিশ্রুতি দেন। পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন এবং প্রতিটি ওয়ার্ডে ‘ওয়ান-স্টপ সেবা কেন্দ্র’ খোলার মাধ্যমে সাধারণ মানুষের সরাসরি ক্ষমতায়ন নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। ক্ষমতাকে এলিট শ্রেণির জিম্মা থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসাই তাঁর মূল লক্ষ্য বলে ইশতেহার ঘোষণাকালে তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন