সোনার দামে বড় কাটছাঁট, ভরিতে কমল সর্বোচ্চ ৭,৬৪০ টাকা

সোনার দামে বড় কাটছাঁট, ভরিতে কমল সর্বোচ্চ ৭,৬৪০ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নেমে এসেছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দামে দরপতন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৫০ ডলারে, যা আগের দিন ছিল ৪ হাজার ৯০০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি সর্বোচ্চ ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

উল্লেখ্য, বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে গত মাসের শেষদিকে দেশের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন