আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত কমিটিকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়সহ সড়কের পাশের বেশ কয়েকটি দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এই কমিটির শীর্ষ দুই নেতা জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। পদবঞ্চিত এই অংশটি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে সংসদ সদস্যের অনুসারীদের মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে সড়কের পাশের কয়েকটি দোকানপাটসহ উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উল্লেখ্য, উপজেলা বিএনপির এই কার্যালয়টি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি আনন্দ ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা