কালচারাল ফ্যাসিস্টরা এখনো সক্রিয়: মাবরুর রশিদ বান্নাহ
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক ফ্যাসিবাদের পতন ঘটলেও সাংস্কৃতিক অঙ্গনে ‘কালচারাল ফ্যাসিস্টরা’ এখনো আগের মতোই বহাল তবিয়তে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে সরকার ও বিরোধীদলীয় অনেক সংসদ সদস্য ও মন্ত্রীদেরও এই কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে, যার সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসররা নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘লক্ষ সুরের বাংলাদেশ—তথ্য দূষণ করব শেষ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাবরুর রশিদ বান্নাহ বলেন, বিগত আওয়ামী শাসনামলের অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বললেই তাঁকে ‘জঙ্গি’ বা ‘রাজাকার’ তকমা দেওয়া ছিল স্বৈরাচারের একটি নিয়মিত কৌশল। আর ফ্যাসিবাদের সাংস্কৃতিক কেন্দ্রগুলো থেকে এই অপপ্রচারকে বৈধতা দেওয়া হতো। দুঃখজনকভাবে সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদ এখনো পুরোপুরি প্রতিহত করা সম্ভব হয়নি, যা জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের অন্যতম বড় সংকট হিসেবে দেখা দিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা আরও বলেন, বর্তমান সরকারের অনেক মন্ত্রী-এমপি এবং বিরোধী দলের প্রভাবশালী নেতাদেরও সেই চিহ্নিত কালচারাল ফ্যাসিস্টদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যাচ্ছে। অথচ এই গোষ্ঠীই অতীতে অসংখ্য নিরপরাধ মানুষের মা-বাবাকে কারাগারে আটকে রেখেছে এবং ভাই-বোনদের ওপর অমানুষিক নির্যাতনের বৈধতা দিয়েছে।
সাংস্কৃতিক ফ্যাসিবাদের শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত উল্লেখ করে বান্নাহ বলেন, এটি রাতারাতি উপড়ে ফেলা কঠিন। ফ্যাসিবাদের পুরোনো সাংস্কৃতিক দুর্গের ভেতরে বসেই বাংলাদেশপন্থী সংস্কৃতিকর্মীদের নানা ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে। তবে সাংস্কৃতিক অঙ্গনে অন্তত পাঁচজন নতুন ও শক্তিশালী বাংলাদেশপন্থী তরুণ মুখ তৈরি করা গেলে ভবিষ্যতে তা জ্যামিতিক হারে বেড়ে ১৫ থেকে ৩০ জনে রূপ নেবে এবং একটি শক্তিশালী বিকল্প প্ল্যাটফর্ম গড়ে উঠবে।
গুম ও খুনের সঙ্গে জড়িতদের হুমকির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে র্যাব, পুলিশ ও বিভিন্ন বাহিনীতে থেকে যারা গুম-খুনের মতো অপরাধে জড়িত ছিল, তারা এখনো জুলাইপন্থী সংস্কৃতিকর্মী ও আইকনদের ‘হিটলিস্ট’ তৈরি করে লাল দাগ দিয়ে চিহ্নিত করে রাখছে। বর্তমান সময়েও চিহ্নিত অপরাধীদের এমন হুমকি অব্যাহত থাকা চরম উদ্বেগের বিষয়।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের মাটিতে কোনো গণহত্যাকারী বা ফ্যাসিবাদের দোসরকে ছাড় দেওয়া হবে না। শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ কিংবা আনাসের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানেই হয়—এই বিশ্বাস নিয়ে শহীদদের আদর্শ ধারণ করে সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে সব ধরনের ফ্যাসিবাদী পুনর্বাসন রুখে দেওয়া হবে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি। এ সময় সংগীতশিল্পী আসফ আকবরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা