ছেলেসহ ওবায়দুল কাদেরের মামাতো ভাই গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
ছেলেসহ ওবায়দুল কাদেরের মামাতো ভাই গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) এবং তাঁর ছেলে খান শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খানের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে তাঁর ছেলে খান শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাবা-ছেলে দুজনেই নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা