সৌদির পাশে দাঁড়াতে দেশের মুসলমানরা প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি
সকালবেলা প্রতিবেদন: সৌদি আরবের পবিত্র ভূমি রক্ষায় দেশটির পাশে দাঁড়িয়ে যেকোনো যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেন, সৌদি সরকার যদি আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ডাক দেয়, তবে এ দেশের তৌহিদি জনতা সর্বশক্তি নিয়ে দেশটির পাশে দাঁড়াবে।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, পবিত্র দুই নগরীর মর্যাদা রক্ষায় সৌদি আরবের সঙ্গে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের অটুট সংহতি রয়েছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আজ সেই বিশ্বমুসলিমের সংহতির বার্তাই দেওয়া হচ্ছে। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা দেশটির পক্ষে লড়াই করতে বিন্দুমাত্র পিছপা হবেন না।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পবিত্র মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি চৌকস দল পাঠানো হয়েছিল, যারা অত্যন্ত সফলতার সঙ্গে হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল। অতীতের সেই গৌরবময় ইতিহাসের মতো এখনো বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সৌদি আরবে ন্যাক্কারজনক হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে দায়ী হুথি গোষ্ঠীকে শনাক্ত করে আন্তর্জাতিক বিচারের আওতায় আনার জোর দাবি জানান খেলাফত আন্দোলনের আমির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতির বার্তা দিয়ে হাবিবুল্লাহ মিয়াজি আরও বলেন, যেকোনো প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে। পাশাপাশি বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের ডাক দেওয়া হলে অন্যান্য দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এআইএল/সকালবেলা