সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় ডিবির অভিযান
সকালবেলা প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁর মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামক পোশাক কারখানায় এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় সেখানে তাঁকে পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।
কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার মূল ফটকে উপস্থিত হন। তাঁরা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থানের বিষয়ে জানতে চান।
এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, কারখানা ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই শ্রমিক ও কর্মকর্তারা চলে গেছেন এবং ভেতরে তখন কেউ অবস্থান করছেন না। পরে ডিবি সদস্যরা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে ফিরে যান।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, বেশ কয়েক দিন ধরে তথ্য পাওয়া যাচ্ছিল যে সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর সেখানে আসার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে এবং অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতেও সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লা থানা-পুলিশ অভিযান চালিয়েছিল, তবে সেবারও তাঁকে পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা