ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হওয়ার কিছু সময় পর আবারও বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলামোটরের রূপায়ন টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
সরেজমিনে দেখা গেছে, পুলিশ ধাওয়া দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। পুলিশ সরে গেলে আন্দোলনকারীরা আবারও মূল সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। একের পর এক টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হচ্ছে।
বিক্ষোভের কারণে বর্তমানে বাংলামোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল করছে।
বিকেল পৌনে ৫টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময় বিক্ষিপ্তভাবে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলছিল। পুলিশি ধাওয়ায় আন্দোলনকারীরা আশপাশের সড়কে সরে গিয়ে অবস্থান নেন।
এদিকে বিক্ষোভের কারণে বাংলামোটর এলাকার আশপাশের বেশিরভাগ দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা। কেউ কেউ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দোকানের শাটার অর্ধেক খোলা রেখেছেন।
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আজ তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ