ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি।

২০২৩ সালে পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর এটিই পাকিস্তানে কোনো মসজিদে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সদস্য এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ জানায়, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে বাধা দেওয়া হলে তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে মসজিদের ভেতরে ও আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত ১৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে মরদেহ পড়ে থাকতে এবং জানালার কাচ ভাঙা অবস্থায় দেখা যায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উল্লেখ্য, এর আগেও ইসলামাবাদে বিভিন্ন সময়ে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: সিএনএন, এএফপি, আলজাজিরা

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন