সংঘর্ষের পর শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ

সংঘর্ষের পর শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করা এবং জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।

সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়কজুড়ে ইটের টুকরো ছড়িয়ে রয়েছে। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। বাংলামোটরের ফুটওভার ব্রিজ ও আশপাশের ভবনের ছাদে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয়। এতে অল্প সময়ের জন্য যান চলাচল শুরু হলেও শাহবাগ অবরোধের কারণে তা আবারও বন্ধ হয়ে যায়।

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শুক্রবার দুপুরের পর থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় ও বাংলামোটর এলাকায় আন্দোলনকারীদের জমায়েত বাড়তে থাকে। মিন্টো রোডের ভিভিআইপি জোনে প্রবেশ ঠেকাতে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দেয়।

বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোর অবস্থান নেয়। সংঘর্ষ শুরু হলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরাও ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের একাংশকে শাহবাগ এবং অন্য অংশকে বাংলামোটরের দিকে সরিয়ে দেয়।

এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় এবং রাতভর কয়েকজন সেখানে অবস্থান করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন