ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতেই হবে নেইমারকে। তবে দলে ফেরার যোগ্যতা প্রমাণ করতে হলে নিয়মিত ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে। আসন্ন জুনের বিশ্বকাপের আগে সান্তোস কি সেই সুযোগ দেবে—এ প্রশ্নের জবাব দিয়েছেন ক্লাবটির কোচ হুয়ান পাবলো ভোজভোডা।
গত ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচার করান নেইমার। তার পুনর্বাসনের অগ্রগতি দেখে আশাবাদী ভোজভোডা হলেও, মাঠে ফেরানোর বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি।
২২ ডিসেম্বর থেকে মাঠের বাইরে থাকা নেইমার গত সপ্তাহে আবার অনুশীলনে ফিরেছেন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাঁ হাঁটুতে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়েছে। গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ক্লাব নোরোয়েস্তের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।
ভোজভোডা বলেন, ‘সে দলে ফিরেছে ঠিকই, কিন্তু তার মতো খেলোয়াড়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা জরুরি। গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে তুলতে হলে তাকে ভালো অবস্থানে থাকতে হবে।’
নেইমারের অবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সে নিজেকে উজাড় করে দেয়। মাঠে ফিরলে প্রত্যাশা অনুযায়ীই লড়বে। কিন্তু সে মানুষ—তাই তাড়াহুড়ো নয়। সে বিশ্বকাপ খেলতে চায়, আর এজন্য অনুশীলন দরকার।’
ভোজভোডার ভাষায়, ‘নেইমার যখন ভালো থাকে, তখন সে এমন পার্থক্য গড়ে তোলে, যা অন্য কেউ পারে না।’ গত মৌসুমে সান্তোসকে রেলিগেশন থেকে রক্ষা করা এই তারকা বিশ্বকাপ দলে জায়গা পেতে মুখিয়ে আছেন।
এদিকে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা (গাবিগোল) গত মাসে ক্রুজেইরো থেকে সান্তোসে যোগ দিয়েছেন। নেইমারের ওপর চাপ কমাতে চান তিনি। গাবিগোল বলেন, ‘আমি তাকে জাতির রক্ষক হিসেবে দেখি না। সে অন্য সবার মতোই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার নেতৃত্ব অসাধারণ। আমরা চাই সে শতভাগ ফিট হয়ে, কোনো চাপ ছাড়াই সান্তোস ও জাতীয় দলকে সাহায্য করুক।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ