উল্লাপাড়ায় মর্যাদার লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত, উত্তপ্ত রাজপথ

উল্লাপাড়ায় মর্যাদার লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত, উত্তপ্ত রাজপথ

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। দীর্ঘদিনের মিত্র ও বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত ইসলামী এই আসনে এখন মুখোমুখি অবস্থানে। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই মর্যাদার লড়াইয়ের নিষ্পত্তি হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। দুই প্রার্থীই নিজ নিজ বলয় সংগঠিত করতে নিয়মিত গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে গত ২৪ জানুয়ারি সিরাজগঞ্জে জামায়াতের আমিরের জনসভায় রফিকুল ইসলাম খাঁনের পক্ষে বিশাল শোডাউন এবং পরবর্তীতে বিএনপির নির্বাচনি জনসভায় তারেক রহমানের ভার্চুয়াল বার্তার পর পাল্টাপাল্টি লড়াই এখন চূড়ান্ত রূপ নিয়েছে।

 উল্লাপাড়া ও সলঙ্গা অঞ্চলে বিএনপি ও জামায়াত—উভয় দলেরই সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত। স্থানীয় ভোটারদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোট ভাগাভাগিই হবে মূল ফ্যাক্টর। আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক এখন কার দিকে ঝুঁকবে, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিই এখানে বিজয়ী নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সম্প্রতি সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার খবর পাওয়া গেছে। উল্লাপাড়াতেও দুই পক্ষের কর্মীদের মধ্যে কথার লড়াই ও আধিপত্য বিস্তারের চেষ্টা মাঠের উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি রাখছে। ভোটাররা আশা করছেন, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হবেন।

জে.আর/সকালবেলা

মন্তব্য করুন