ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশি হামলায় ডাকসুর নিন্দা, জড়িতদের বিচার দাবি

প্রকাশ: শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশি হামলায় ডাকসুর নিন্দা, জড়িতদের বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাকসু এ নিন্দা জানায় এবং দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ কারণে বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, শহীদ হাদির স্ত্রীসহ সাধারণ মানুষরা বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিলেন। তাঁদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডাকসু সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মানার জন্য দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পাশাপাশি আন্দোলনরতদের ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহি ও শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ডাকসু।

এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার এবং লাঠিপেটা করেছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন