শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার পর থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশের পর আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ এ যোগ দিতে দুই দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর উপলক্ষে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের একপর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সামনে আনা হয়।
জবাবে পররাষ্ট্র সচিব স্পষ্ট জানিয়ে দেন, "আজকে মূলত আমরা কপ-৩১ জলবায়ু সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট আবেদন) আমার কোনো বক্তব্য নাই।" সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অন্য কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তার আইনজীবীরা (লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্স) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার এই উদ্যোগ রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। পররাষ্ট্র সচিবের এই কৌশলী নীরবতা সরকারের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সকালবেলা / নুসরাত