’চরমোনাইয়ে হিন্দুরা মায়ের কোলের মতো নিরাপদ, আপনারাও থাকবেন’

’চরমোনাইয়ে হিন্দুরা মায়ের কোলের মতো নিরাপদ, আপনারাও থাকবেন’

পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, "বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা ও ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়; আমি অত প্রতিশ্রুতি দেব না। দুর্নীতি যখন থাকবে না, তখন দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে।"

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই বলেন, "চরমোনাইয়ের হিন্দুদের কাছে খোঁজ নিয়ে দেখেন, তারা মায়ের কোলের মতো নিরাপদ। ৫ আগস্টের পর একটি দল সারাদেশে দখলবাজি ও চাঁদাবাজি করলেও আমাদের কর্মীরা সংখ্যালঘুদের জান-মাল হেফাজত করেছেন। আপনারাও আমাদের কাছে নিরাপদ থাকবেন।"

অন্য দলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সভ্য, কিন্তু আমাদের বিরক্ত করবেন না। টলাতে চেষ্টা করলে এমন গর্জন শুরু হবে যা আপনারা প্রতিহত করতে পারবেন না।" তিনি বরগুনা-১ আসনকে একটি ‘মডেল বরগুনা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

জনসভায় সভাপতিত্ব করেন বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে, তাদের মুগুর দিয়ে শায়েস্থা করা হবে। মা-বোনদের বলবো, আপনারাও খুন্তি-দা নিয়ে প্রস্তুত থাকবেন; কেন্দ্র দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।"

জনসভায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরীয়ত উল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বরগুনা-১ আসনে মাওলানা অলিউল্লাহকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

মন্তব্য করুন