‘সবার আগে বাংলাদেশ’: বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ

‘সবার আগে বাংলাদেশ’: বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ইশতেহার তুলে ধরা হয়।

ইশতেহারে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সর্বশেষ অধ্যায় হিসেবে অভিহিত করা হয়েছে। বিএনপি অঙ্গীকার করেছে, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে এই আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে এবং শহীদ ও আহতদের কল্যাণে ‘পৃথক বিভাগ’ প্রতিষ্ঠা করা হবে। এই বিভাগ শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থান, শিক্ষা এবং আইনি সহায়তার দায়িত্ব নেবে।

বিএনপি দাবি করেছে, বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তাই শিক্ষা কারিকুলামে প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমি ও গণকবরগুলো চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া প্রকৃত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির অঙ্গীকার করা হয়েছে।

'সবার আগে বাংলাদেশ': বিএনপির ইশতেহার ২০২৬-এর ৯টি প্রধান প্রতিশ্রুতি

ক্রমখাতের নামপ্রধান প্রতিশ্রুতি ও লক্ষ্য
ফ্যামিলি কার্ডপ্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রতি মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সরবরাহ করা হবে।
কৃষক সুরক্ষা‘কৃষক কার্ড’-এর মাধ্যমে সরাসরি ভর্তুকি, সহজ কৃষি ঋণ, কৃষি বিমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা।
স্বাস্থ্যসেবাদেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগর পর্যায়ে আধুনিক মা ও শিশু পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ।
শিক্ষাব্যবস্থাবাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক কারিকুলাম, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং প্রতিটি স্কুলে ‘মিড-ডে মিল’ চালু।
তরুণদের কর্মসংস্থানকারিগরি ও ভাষা দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তা এবং মেধাভিত্তিক স্বচ্ছ সরকারি নিয়োগ নিশ্চিত করা।
ক্রীড়া উন্নয়নখেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে উপজেলা পর্যায় পর্যন্ত উন্নত অবকাঠামো ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা।
জলবায়ু ও পরিবেশদেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা।
ধর্মীয় সম্প্রীতিসামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও কল্যাণমূলক ব্যবস্থা।
ডিজিটাল অর্থনীতিবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপাল’ (PayPal) চালু, ই-কমার্স হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি বৃদ্ধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ৯টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ঘোষিত এই ইশতেহারে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


মন্তব্য করুন