ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি।
অধিনায়ক বলেন, “নির্বাচনকালীন শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাবে। আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছি, যাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।”
ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষিত রেখেই ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজিবি দায়িত্ব পালন করছে, যার মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব সামলাচ্ছে।
বাঘাইছড়ির নিরাপত্তা ছক তুলে ধরে তিনি জানান, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলার ২১টি ভোটকেন্দ্রে মারিশ্যা ব্যাটালিয়নের ছয়টি প্লাটুন জনবল কাজ করছে। বিশেষ করে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ‘হেলিশট’ ভোটকেন্দ্রগুলোর (যেখানে হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছাতে হয়) নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
নির্বাচন কেন্দ্র করে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে ড্রোন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলার ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মারিশ্যা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। জোন অধিনায়ক নির্বাচন-পূর্ব ও পরবর্তী যেকোনো নৈরাজ্য মোকাবিলায় বাঘাইছড়ির সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
আই.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ