এমপি নয়, সেবক হয়ে পাশে থাকতে চাই: এস এম জিলানী

এমপি নয়, সেবক হয়ে পাশে থাকতে চাই:  এস এম জিলানী

আরিফ হাজরা, কোটালীপাড়া (উপজেলা) প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, "আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।"

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ী দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, "আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করব। এই এলাকাকে শান্তি-সম্প্রীতির আবাসভূমিতে পরিণত করব এবং খেলাধুলার প্রসারের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।"

উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বিএনপির কেন্দ্রীয় ইশতেহারের ঘোষণাগুলো তুলে ধরে বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিণীকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে ২,৫০০ টাকার নিত্যপণ্য কেনা যাবে। কৃষকদের জন্য থাকবে 'কৃষি কার্ড', যা দিয়ে বিনামূল্যে সার ও বীজ মিলবে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য প্রতিটি পরিবারকে 'স্বাস্থ্য কার্ড' দেওয়া হবে।"

উঠান বৈঠকে এস এম জিলানীর সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, নজরুল ইসলাম মহিন, অ্যাডভোকেট ইলিয়াছ হায়দার ও অনিমেষ গাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ.এইচ/সকালবেলা

মন্তব্য করুন