ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রবাসী অধ্যুষিত সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ ততই তপ্ত হচ্ছে। ৫ প্রার্থীর লড়াই হলেও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা এখন মূলত তিন হেভিওয়েট প্রার্থীকে নিয়ে। ফলে এই আসনে একটি হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে রয়েছেন: ১. এডভোকেট এমরান আহমদ চৌধুরী: বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। ২. মুহাম্মদ সেলিম উদ্দিন: ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা (দাঁড়িপাল্লা)। ৩. হাফিজ মাওলানা ফখরুল ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সমর্থিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী।
এছাড়া গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক) ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল) ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সাড়া পাওয়ার চেষ্টা করছেন।
এই আসনের দীর্ঘদিনের ইতিহাস বলছে, এটি আওয়ামী লীগের একটি শক্তিশালী দুর্গ। তবে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ না থাকায় তাদের কয়েক লাখ ‘ভোট ব্যাংক’ এখন বড় ফ্যাক্টর। স্থানীয়দের মতে, আওয়ামী লীগের এই বিশাল সমর্থক গোষ্ঠী শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবে বা কেন্দ্রে যাবে কি না—তার ওপরই নির্ভর করছে জয়-পরাজয়।
আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা এখনো কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছেন। তবে তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ও ভোট বিমুখতাও লক্ষ্য করা যাচ্ছে। যদি তারা শেষ মুহূর্তে কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেন, তবে পাশা উল্টে যেতে পারে।
জামায়াত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন: তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের উন্নয়নে দলমত নির্বিশেষে একটি সুশৃঙ্খল সমাজ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার ভাষায়, “প্রতিটি ভোটারই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।”
বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী: তিনি জনগণের ‘সেবক’ হয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি মনে করেন, উন্নয়নের প্রশ্নে প্রতিটি নাগরিকই অপরিহার্য।
জমিয়ত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম: গত দুই বছর ধরে সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা করার অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তবে তিনি প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন।
সিলেট-৬ আসনে এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বিভিন্ন সময়ে জয়লাভ করলেও জামায়াত কখনোই বড় সুবিধা করতে পারেনি। তবে এবার আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত ও জমিয়ত প্রার্থীরা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।
সি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ