প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই ঘোষণা দেন।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কয়েক হাজার সরকারি কর্মচারী যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’ শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এক পর্যায়ে ডিএমপি কমিশনার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরানোর নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও আন্দোলনকারীরা রাজপথ ছাড়েননি।

আন্দোলনকারীদের অনড় অবস্থানের কারণে যমুনা এলাকার নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়লে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বিজিবি মোতায়েনের পরপরই ডিএমপির পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারির ঘোষণা আসে। এই আদেশের ফলে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তারা পে-স্কেলের দাবি জানিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন রিপোর্ট দিলেও সরকার তা বাস্তবায়নের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণায় তারা ক্ষুব্ধ। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, আজকের মধ্যে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে একচুলও নড়বেন না।

শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজধানীর মিন্টো রোড, শাহবাগ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এলাকাটি এখন কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এস.বি/সকালবেলা

মন্তব্য করুন