গজারিয়ায় ধানের শীষে ভোট চেয়ে দিনভর ছাত্রদলের প্রচারণা

গজারিয়ায় ধানের শীষে ভোট চেয়ে দিনভর ছাত্রদলের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের সমর্থনে সরগরম হয়ে উঠেছে গজারিয়া উপজেলা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনভর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও বিশাল গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের একটি সমন্বয়কারী টিম এই গণসংযোগে অংশ নিয়ে গজারিয়ার প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচারণা চালায়। ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুম আহাদ ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান।

গণসংযোগকালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, "দেশ ও গণতন্ত্র আজ ক্রান্তিকাল পার করছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার শতভাগ নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের জয়ের কোনো বিকল্প নেই।" তাঁরা আরও বলেন, গজারিয়ার মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় এবং ধানের শীষের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে তা ভোট বিপ্লবের মাধ্যমে প্রমাণিত হবে।

ছাত্রদলের এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়কারী টিমের সদস্যবৃন্দ ছাড়াও মুন্সীগঞ্জ জেলা, গজারিয়া থানা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা এলাকায় একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

এম.জি/সকালবেলা

মন্তব্য করুন