শাহজাদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

শাহজাদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে থানাঘাট মাদ্রাসা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় লাল-সবুজ ব্যাচ এবং গেঞ্জি পরিহিত হাজার হাজার কর্মী অংশ নেন। শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও মাদ্রাসা শাখার সুশৃঙ্খল কর্মীদের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিবিরের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে একটি দুর্নীতি ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া।" তিনি একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ-৬ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী সাইফ মোস্তাফিজ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিবিরের মাদ্রাসা সম্পাদক সোহেল রানা, জেলা সদস্য হাবিবুর রহমান, উপজেলা পশ্চিম সভাপতি সামিউল ইসলাম, সেক্রেটারি রাশেদুজ্জামান, পূর্ব শাখার সেক্রেটারি মারুফ আহমেদ এবং শাহজাদপুর সরকারি কলেজ শিবিরের সভাপতি সজিব শেখ।

এ.কে/সকালবেলা

মন্তব্য করুন