ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলায় আগাম বন্যার ঝুঁকি মোকাবিলায় বোরো ফসল রক্ষায় চলছে বাঁধ সংস্কারের বিশাল কর্মযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ও প্রশাসনের নিবিড় তদারকিতে মাটির শক্ত বাঁধ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
পাউবোর ‘কাজের বিনিময়ে টাকা’ (কাবিটা) প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে খালিয়াজুরীর বিস্তীর্ণ হাওরে প্রায় ৯১ কিলোমিটার দীর্ঘ ফসল রক্ষা বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। পাউবোর কারিগরি সহায়তায় ১৪৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে এই কাজ চলছে। এই বিশাল কর্মযজ্ঞে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ২৬ লাখ ৬৭ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাঁধের উচ্চতা বৃদ্ধি, মাটি ভরাট এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো শক্তিশালী করার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের ৫০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে দিন-রাত কাজ চলছে।
উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম নিয়মিত মাঠপর্যায়ে কাজ পরিদর্শন করছেন। তিনি জানান, উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এসব জমি থেকে চলতি মৌসুমে প্রায় দেড় লাখ মেট্রিক টনের বেশি ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, "বাঁধগুলোর স্থায়িত্ব নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। আশা করছি, এই মাটির বাঁধগুলো আগাম বন্যার কবল থেকে কৃষকের সোনালী ফসলকে পূর্ণ সুরক্ষা দিতে সক্ষম হবে।"
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ