সংসদ নির্বাচন চিনলেও ‘গণভোট’ চেনেন না তারা

সংসদ নির্বাচন চিনলেও ‘গণভোট’ চেনেন না তারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে দেশব্যাপী সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানে প্রচার-প্রচারণা চললেও মৌলভীবাজারের চা বাগান ও প্রান্তিক জনপদে এর কোনো প্রতিধ্বনি নেই। ফলে জেলার ৯২টি চা বাগানের লাখ লাখ শ্রমিক এখনো জানেন না ‘গণভোট’ আসলে কী।

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান ঘুরে দেখা গেছে, সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও ‘গণভোট’ শব্দটি তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। পাত্রখোলা চা বাগানের শ্রমিক বিপুল কুর্মী বিস্ময় প্রকাশ করে বলেন, “আমরা শুধু জানি এমপি নির্বাচন হবে। সংসদ নির্বাচনের সাথে যে আরও একটা আলাদা ভোট আছে, সেটা কেউ আমাদের বলেনি। কীভাবে ভোট দিতে হয় তাও জানি না।”

সরকারি নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বিলবোর্ড ও প্রচার যানের মাধ্যমে প্রচারণা চালানোর কথা থাকলেও মৌলভীবাজার জেলা শহরের প্রধান সড়কগুলোতেই তা সীমাবদ্ধ। চা বাগানের মতো দুর্গম এলাকায় কোনো কার্যক্রমই চোখে পড়েনি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, “শুধু শহরে ব্যানার টানিয়ে প্রান্তিক মানুষকে সচেতন করা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা ইউনিয়ন পর্যায়ে নিতে হবে।”

প্রচারণার সীমাবদ্ধতার কথা স্বীকার করে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রচারণা বর্তমানে জেলা শহরকেন্দ্রিক রাখার নির্দেশনা রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, উপজেলা পর্যায়ে প্রচারণা ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে বিশেষ কোনো নির্দেশনা এখনো পৌঁছায়নি।

স্বাধীনতার পর চতুর্থবারের মতো হতে যাওয়া এই গণভোটে চারটি মৌলিক সংস্কার প্রশ্নে জনগণের রায় চাওয়া হচ্ছে: ১. সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ক্ষমতার সুষম বণ্টন। ২. মতপ্রকাশের স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা। ৩. প্রশাসনিক ক্ষমতা তৃণমূল পর্যায়ে পৌঁছানো। ৪. ‘জুলাই জাতীয় সনদের’ ভিত্তিতে সংবিধানের আধুনিকায়ন।

রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী এই চারটি বিষয়ে সাধারণ মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকলেও সচেতনতার অভাবে প্রান্তিক ভোটারদের অংশগ্রহণ কতটুকু ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন