ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে এক শীর্ষ সন্ত্রাসীর গুলিবর্ষণে ১৮ মাসের এক শিশুসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও ধানের শীষের সমর্থনে একটি মিছিল যাচ্ছিল। প্রচারণা দেখতে উৎসুক জনতা রাস্তার পাশে ভিড় করেন। এসময় মদ্যপ অবস্থায় টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদক কারবারি জালাল উদ্দীন ওরফে ‘লাশ জালাল’ বিদেশি অস্ত্র নিয়ে ভিড়ের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে।
গুলিতে নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), রোহিঙ্গা কিশোর মোহাম্মদ জিসান (১৩), স্থানীয় বাছা মিয়া (৩৮), নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১) এবং ১৮ মাস বয়সী শিশু নুসরাত জাহান গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, জালাল ওরফে লাশ জালাল হ্নীলা এলাকার ত্রাস। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে তার ঘনিষ্ঠ সহযোগীরা ধরা পড়লেও সে ধরাছোঁয়ার বাইরে ছিল। মদ্যপ অবস্থায় প্রকাশ্য দিবালোকে বা জনসমাগমে তার এমন তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবর্ষণের ঘটনায় জড়িত জালালকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। তবে ওসি প্রাথমিকভাবে দাবি করেছেন যে, এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না বরং সন্ত্রাসীর ব্যক্তিগত তাণ্ডবই এর মূল কারণ।
জে.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ