ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কীভাবে? ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের নামে মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ।” শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পাকিস্তানের বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। কিন্তু দীর্ঘ সময় আওয়ামী লীগ শোষণ ও নৈরাজ্য চালিয়েছে। ক্ষমতার বারবার হাতবদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করে বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা কোনো নির্দোষ মানুষকে হয়রানি করিনি। কিন্তু একটি বড় দলের লোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।”
দেশ পরিচালনার সুযোগ পেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, “অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে আমাদের বড় কাজ। পাচার হওয়া টাকা ওদের পেট থেকে বের করে আনা হবে। এছাড়া হিজলা-মেহেন্দিগঞ্জের অবহেলিত জনপদের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে সব পদক্ষেপ নেওয়া হবে।”
নারী নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “তুমিও তো মায়ের সন্তান, তাহলে আরেক মাকে কেন সম্মান দিতে পারো না? মায়েদের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।” সম্প্রতি আইডি হ্যাক সংক্রান্ত বিষয়ে তিনি মন্তব্য করেন, “মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটি তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকে না।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়া ১১-দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
এস.পি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ