পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে এনসিপিতে ৫০ নেতাকর্মীর যোগদান

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে এনসিপিতে ৫০ নেতাকর্মীর যোগদান

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি এলাকায় এনসিপির এক নির্বাচনী উঠান বৈঠকে তারা দলটিতে যোগ দেন।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের এনসিপি মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের হাতে হাত রেখে নবাগতরা এনসিপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী এবং জাতীয় পার্টির স্থানীয় নেতা বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজল, আব্দুল খালেক ও ময়নুল ইসলামসহ অর্ধশতাধিক সমর্থক।

যোগদানকারী নেতারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে যে নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তাতে সৎ ও জনবান্ধব রাজনীতির বিকল্প নেই। তারা মনে করেন, এনসিপি সেই কাঙ্ক্ষিত বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

নবাগতদের স্বাগত জানিয়ে আখতার হোসেন বলেন, “মানুষ এখন পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছে। এনসিপিতে এই গণযোগদান প্রমাণ করে যে, সাধারণ জনগণ নতুন ধারার রাজনীতির ওপর আস্থা রাখছে।” উঠান বৈঠকে উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুলসহ ১১-দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচ.আর.এইচ/সকালবেলা

মন্তব্য করুন