দুর্দিনে গোপালগঞ্জবাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি: এস এম জিলানী

দুর্দিনে গোপালগঞ্জবাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি: এস এম জিলানী

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, বিগত দিনে চরম নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেও তিনি দল ত্যাগ করেননি শুধুমাত্র এই অঞ্চলের মানুষের পাশে থাকার জন্য। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “বিগত বছরগুলোতে আমার ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে। মামলা-হামলা দিয়ে আমাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। টুঙ্গিপাড়ার সন্তান হয়েও আমাকে নিজের এলাকায় আসতে দেওয়া হয়নি এবং নির্বাচনী প্রচার করতে দেওয়া হয়নি। এরপরও আমি আদর্শচ্যুত হইনি।” তিনি আরও যোগ করেন, “ভুল নেতৃত্বের কারণে আজ গোপালগঞ্জবাসী বাংলাদেশ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে আছে। পরিচয় দিতেও অনেকে এখন কৌশলী ভূমিকা নেন, যা অত্যন্ত কষ্টের।”

জিলানী ভোটারদের আশ্বস্ত করে বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের মূলধারায় ফিরে আসার আহ্বান জানান।

রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

পি.বি/সকালবেলা

মন্তব্য করুন