বিএনপিতে যোগদান করলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু

বিএনপিতে যোগদান করলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।

জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

রুহুল কবির রিজভী জানান, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাই।

জাকসুর অন্যান্য নেতারা ও হল সংসদের প্রতিনিধিরা ছাত্রদলে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল, নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ ও শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলনের সময় থেকে সক্রিয়ভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জাবি ক্যাম্পাসে তার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে।

আই.এ./এম.এম/সকালবেলা

মন্তব্য করুন