ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে দলীয় ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। নিজে এই আসনের মনোনয়ন প্রত্যাশী হলেও দলীয় সিদ্ধান্তে অবিচল থেকে মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে তিনি দিনভর ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। পাঁচ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ ভোটাররা জানান, মির্জা মোস্তফা জামান নিজে প্রার্থী না হয়েও যেভাবে ধানের শীষের জন্য মাঠে নেমেছেন, তা তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
গণসংযোগে অংশ নেওয়া তৃণমূল ভোটার আব্দুল মালেক বলেন, “রাজনীতিতে এমন স্বচ্ছ ইমেজের মানুষ খুব কম দেখা যায়। তার এই ভূমিকা বিএনপিকে আরও শক্তিশালী করবে।” গৃহিণী শিরিন আক্তার জানান, মির্জা মোস্তফা জামান নিজে তাদের কাছে এসে তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়েছেন এবং ভোটের গুরুত্ব বুঝিয়ে বলেছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ বলেন, মির্জা মোস্তফা জামানের এই ত্যাগের ভূমিকা দলীয় ঐক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, “এই নির্বাচন ব্যক্তি বা পরিবারের নয়, এটি ১২ ফেব্রুয়ারিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমার বাবা মরহুম মির্জা মোরাদুজ্জামান সিরাজগঞ্জ বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা সিরাজগঞ্জকে চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি নিরাপদ শহর হিসেবে গড়তে ঐক্যবদ্ধ।”
জে.আর.জে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ