জামায়াত ‘রগকাটা গোষ্ঠী’, ওদের রুখতে ধানের শীষকে সমর্থন: হেফাজত আমির

জামায়াত ‘রগকাটা গোষ্ঠী’, ওদের রুখতে ধানের শীষকে সমর্থন: হেফাজত আমির

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমর্থনের ঘোষণা দেন।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁর বক্তব্যে বলেন, "আমি ইলেকশন বুঝি না, তবে এই ইলেকশন একটি জিহাদ। বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘জিহাদে’ শরিক হয়েছে হেফাজত।" এসময় তিনি জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, "এই রগকাটা গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, তবে তারা বাংলাদেশে ইসলাম ধ্বংস করবে। এরা প্রকৃত ইসলামী দল নয়, তারা মওদুদী ইসলাম।"

হেফজত আমির আরও মন্তব্য করেন যে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলাম ও ঈমান রক্ষার তাগিদে হেফাজতে ইসলাম এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর নিজে উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ ও সাধারণ তৌহিদী জনতা এতে অংশ নেন। ফটিকছড়ির এই রাজনৈতিক সমীকরণ আসনটিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এফ.সি/সকালবেলা

মন্তব্য করুন