ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও অবিলম্বে তা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা' অভিমুখে যাত্রা করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পুলিশের দেওয়া শক্তিশালী ব্যারিকেড ভেঙে তারা সামনে অগ্রসর হন।
সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সেখান থেকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হন তারা। আন্দোলনরত কর্মচারীরা জানান, আজকের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা রাজপথ ছাড়বেন না। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠিত হলেও প্রতিবেদন দাখিলের পর তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে, যা সরকারি কর্মচারীদের প্রতি চরম অবিচার।
এদিকে, গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। তিনি বলেন, "পে-কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় এই বিশাল ব্যয়ের দায় সরকার নিতে চাচ্ছে না। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এটি কার্যকর বা পরিবর্তন করতে পারবে।"
উপদেষ্টা আরও জানান, পে-কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই বিশাল অর্থের সংস্থান নিয়ে সরকার বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে কর্মচারীরা বলছেন, বিগত দিনে বারবার আশ্বাসের পরও গেজেট প্রকাশ না করায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, যমুনা অভিমুখে আন্দোলনকারীদের রুখতে শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এস.বি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ