ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালা উপেক্ষা করে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, টয়লেটের বেহাল দশা এবং অভিভাবকদের বসার ন্যূনতম সুবিধা না থাকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দকৃত স্লিপের (SLIP) অর্থ নয়ছয় করে তা নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার খাতে ব্যয়ের অজুহাতে আত্মসাতের অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
সরেজমিন ও অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের কোনো ব্যবস্থা নেই। টয়লেটগুলো দীর্ঘক্ষণ নোংরা ও দুর্গন্ধযুক্ত অবস্থায় পড়ে থাকে, যা কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। অনেক শিক্ষার্থী অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছে। এ ছাড়া সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে দীর্ঘ সময় অভিভাবকদের রোদ-বৃষ্টির মধ্যে খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের জন্য কোনো ছাউনি বা বসার ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করে একজন অভিভাবক বলেন, “নোংরা টয়লেট আর বসার জায়গার অভাব—এটি নিছক অবহেলা নয়, এটি প্রধান শিক্ষকের চরম দায়িত্বহীনতা।”
সবচেয়ে গুরুতর বিতর্ক সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্লিপের অর্থ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার কথা থাকলেও প্রধান শিক্ষক এ. টি. এম. আব্দুর রাজ্জাক দাবি করেছেন, এই অর্থ তিনি পরীক্ষার কাজে ব্যয় করেন। এমনকি পরীক্ষা নিতে গিয়ে নিজের পকেট থেকে টাকা খরচ করার দাবিও করেন তিনি। প্রধান শিক্ষকের এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন অভিভাবকরা। তারা প্রশ্ন তুলেছেন, সরকারি বরাদ্দ থাকার পরও কেন বিদ্যালয়ের মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা হচ্ছে না।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান বলেন, “স্লিপের অর্থের বাইরেও শিক্ষা উপকরণ বাবদ আলাদা অর্থ বিল-ভাউচারের মাধ্যমে প্রধান শিক্ষককে প্রদান করা হয়। এমতাবস্থায় প্রধান শিক্ষকের নিজের টাকা খরচ করে পরীক্ষা নেওয়ার দাবিটি অযৌক্তিক। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।” স্থানীয়রা অবিলম্বে বিদ্যালয়ের আর্থিক খাতের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ