ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মশার কয়েল থেকে বসতঘরে লাগা আগুনে দগ্ধ ১৮ মাস বয়সী শিশু ছোঁয়া খাতুন মারা গেছে। প্রায় ১০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছোঁয়া উপজেলার কাঠালিয়া গ্রামের বেকারি শ্রমিক রাকিব হোসেনের ছোট মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ছোঁয়ার মা রেশমী খাতুন শোবার ঘরে মশার কয়েল জ্বালিয়ে শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই ঘরে আগুন লাগার খবর পান তিনি। দ্রুত ছুটে গিয়ে আগুনের লেলিহান শিখার মধ্য থেকে ছোঁয়াকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। ভয়াবহ এই আগুনে তাদের বসতঘরসহ আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
দগ্ধ ছোঁয়াকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরের চিকিৎসকরাও অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে শিশুটির মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি মশার কয়েল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে এবং মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বেকারি শ্রমিক রাকিব হোসেন ও তার স্ত্রী।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ