ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
শেরপুরের ঝিনাইগাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করীমের নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, শেরপুরের ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে তুচ্ছ বিষয় থেকে যে ধরনের সহিংসতা সংঘটিত হয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নেতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের সহিংসতা জাতিকে হতাশ করেছে। এমন পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।
তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ফতেহপুর ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। সহিংসতা সৃষ্টিকারী ও এতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো অবহেলা বা শিথিলতা থাকলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মাওলানা রেজাউল করীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ