সাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ১০ জনই সুনামগঞ্জের

সাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ১০ জনই সুনামগঞ্জের

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে এক মর্মান্তিক ট্র্যাজেডিতে সুনামগঞ্জের ১০ জনসহ কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে রাবারের নৌকায় গ্রিস যাওয়ার পথে টানা ছয় দিন সাগরে ভেসে থাকার পর খাবার ও পানির অভাবে তাদের মৃত্যু হয়। গ্রিসের কোস্টগার্ড ২৬ জনকে জীবিত উদ্ধার করলেও ২১ জনই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন। নিহতরা হলেন—নুরুজ্জামান ময়না (৩৮), সাজিদুর রহমান (৩২), শাহান এহিয়া (২৫), মুজিবুর রহমান (৪৫), ফাহিম আহমেদ মুন্না (২০), সুহানুর, শায়েখ আহমেদ, মো. আলি, মো. নাঈম এবং আমিনুর রহমান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় ইউরোপ যাওয়ার পথে ছয় দিন সাগরে ভাসতে থাকেন তারা। উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যানুযায়ী, মৃতদের অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। গত শুক্রবার ভোরে ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জনকে উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে উন্নত জীবনের আশায় গত রমজানে বাড়ি ছেড়েছিলেন এই যুবকরা। দিরাই ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন, নিহতদের স্বজনদের মাধ্যমে তারা মৃত্যুর খবর পেয়েছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এই ঘটনায় নিহতদের গ্রামগুলোতে এখন শোকের মাতম চলছে।

মন্তব্য করুন